Skip to main content

Chetona Ekush

, ,

এইচএসসি পরীক্ষায় এআই দিয়ে নকল করতে গিয়ে পরীক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক, চেতনা একুশ

চট্টগ্রামে চলতি এইচএসসি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নেয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) নগরীর ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে পরীক্ষার কক্ষ থেকে তাকে হাতেনাতে ধরে ফেলেন দায়িত্বরত পরিদর্শকরা।


শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থী মানবিক বিভাগের ছাত্র ছিলেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই তিনি কৌশলে প্রশ্নপত্রের একটি ছবি নিজের মোবাইল ফোনে তুলে নেন। এরপর মোবাইলে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশেষ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রশ্নের সমাধান বের করে উত্তর খাতায় লিখতে শুরু করেন। তবে শেষরক্ষা হয়নি—তার সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দায়িত্বরত পরিদর্শকরা তাকে এআই অ্যাপ ব্যবহার করে নকল করা অবস্থায় ধরে ফেলেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষার হলে নিষিদ্ধ থাকা সত্ত্বেও মোবাইল ফোন সাথে রাখা এবং তা ব্যবহার করে মারাত্মক অনিয়ম ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ডিজিটাল প্রমাণের অংশ হিসেবে তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়েছে।


বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, পরীক্ষার সচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ জারি থাকবে এবং এ ধরণের প্রযুক্তিনির্ভর জালিয়াতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন করা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ