Skip to main content

Chetona Ekush

, ,

এক্সিলারেট টার্মিনাল বন্ধ, তীব্র হচ্ছে দেশের গ্যাস সংকট

অনলাইন প্রতিবেদক, চেতনা একুশ

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর গত শনিবার সামিটের টার্মিনাল পুরোপুরি এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল আংশিক চালু হওয়ায় গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছিল। তবে নতুন এলএনজি কার্গো না আসায় গত তিন দিন ধরে এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ ক্রমেই কমছিল। শেষ পর্যন্ত বুধবার (১৯ আগস্ট) বেলা ৩টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি বিভাগের অনুমোদনে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও সরবরাহের বিষয়টি তদারকি করে পেট্রোবাংলা। আর এলএনজি আমদানির দায়িত্বে রয়েছে সংস্থাটির অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।

এলএনজি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালে পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় এক্সিলারেট থেকে সরবরাহ বন্ধ হয়ে গেছে।

পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্রে জানা গেছে, নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তুলনামূলক কম দামে এলএনজি কেনার জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে কয়েকটি কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। চলতি মাসে এসব কার্গোর চারটি দেশে আসার কথা থাকলেও এখন পর্যন্ত একটিও পৌঁছায়নি। ফলে সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা কার্গো না আসায় গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। টার্মিনাল প্রস্তুত থাকলেও পর্যাপ্ত এলএনজি না থাকায় সেখান থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

কক্সবাজারের মহেশখালীতে আমদানি করা এলএনজি জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির এবং অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনার পর এক্সিলারেটের টার্মিনালটি বন্ধ হয়ে যায়।

শনিবার টার্মিনালটি আবার পূর্ণ সক্ষমতায় এলএনজি সরবরাহের জন্য প্রস্তুত হলেও নতুন কার্গো না আসায় পুরোনো মজুত থেকে সীমিত পরিমাণে সরবরাহ শুরু করা হয়। এরপর সোমবার থেকে সরবরাহ আরও কমতে থাকে। বুধবার বিকেলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার একটি এলএনজি কার্গো দেশে আসার কথা রয়েছে, যা সামিটের টার্মিনালে যুক্ত হতে পারে। অন্যদিকে এক্সিলারেটের জন্য একটি কার্গো আগামী ২৩ বা ২৪ আগস্ট আসার সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময় পর্যন্ত এক্সিলারেট টার্মিনাল বন্ধ থাকায় আগামী কয়েক দিন দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে।

দেশে প্রতিদিন প্রায় ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সাধারণ সময়ে প্রায় ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর মধ্যে এলএনজি থেকে আসে প্রায় ১০৫ কোটি ঘনফুট। এক্সিলারেট এনার্জি ও সামিটের দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে এই এলএনজি জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত হয়।

এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক এলএনজি সরবরাহ সক্ষমতা প্রায় ৬০ কোটি ঘনফুট। আর সামিটের টার্মিনালের সক্ষমতা প্রায় ৫০ কোটি ঘনফুট।

গত শুক্রবার বিকেলে দুটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে মোট গ্যাস সরবরাহ নেমে আসে দৈনিক ১৬৪ কোটি ঘনফুটে। পরে ওই দিন সন্ধ্যায় সামিট থেকে ৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়। এরপর শনিবার ভোরে দেশের মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়ায় ২৪২ কোটি ঘনফুটে।

রোববার সরবরাহ কিছুটা কমে ২৪০ কোটি ঘনফুটে এবং সোমবার তা আরও কমে ২২৮ কোটি ঘনফুটে নেমে আসে। বুধবার এক্সিলারেটের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর দেশে মোট গ্যাস সরবরাহ নেমে এসেছে ২১৮ কোটি ঘনফুটে।

এদিকে মঙ্গলবার এলএনজি থেকে প্রায় ৬৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও বুধবার এক্সিলারেট টার্মিনাল বন্ধ হওয়ার পর সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় ৫৫ কোটি ঘনফুটে। এতে শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাস সরবরাহের ওপর চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নতুন এলএনজি কার্গো দেশে না এলে আগামী কয়েক দিনে গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ