Skip to main content

Chetona Ekush

, ,

এসএসসির ফল প্রকাশ কবে ও একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম জানালো শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক,‌ চেতনা একুশ

চলতি শিক্ষাবর্ষের মতো আগামী শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

সরকার পরিবর্তনের পর একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বিদ্যমান পদ্ধতিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিকে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্তের পর একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবারও ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দু-এক দিনের মধ্যেই একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হবে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে নির্বাচন করা যাবে। এরপর ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

এই কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে সাধারণ কলেজ ও মাদ্রাসায় ভর্তি সম্পন্ন হলেও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে পৃথক নিয়মে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করে থাকে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে আগের নিয়মেই ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। তবে বিভিন্ন কোটা নিয়ে কিছু পর্যবেক্ষণ ও আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তবে এসএসসির ফলের ভিত্তিতেই ভর্তি হবে—এটি প্রায় নিশ্চিত। কারণ, নতুন করে ভর্তি পরীক্ষা চালু করলে অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা কঠিন হওয়ার পাশাপাশি নানা প্রশাসনিক জটিলতাও তৈরি হতে পারে।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি। অন্যদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। পরীক্ষার প্রথম দিনই ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরবর্তী পরীক্ষাগুলোতেও অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছে।

ফলে এবারও দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। অতীতের মতো এ বছরও কত আসন ফাঁকা থাকবে, তা মূলত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে। পাসের হার বেশি হলে খালি আসন কমবে, আর পাসের হার কম হলে খালি আসনের সংখ্যাও বাড়বে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ