
ক্রীড়া প্রতিবেদক, গোয়া থেকে:
সাফ নারী চ্যাম্পিয়নশিপে আগের তিন দেখায় মালদ্বীপের বিপক্ষে অনায়াস ও দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করে যেখানে এক বিশাল ব্যবধানের জয়ের সুবাস মিলছিল, সেখান থেকেই যেন হঠাৎ খেই হারিয়ে ফেলা। রক্ষণভাগের দৃষ্টিকটু ভুল আর অসাবধানতার সুযোগ নিয়ে দুই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে মালদ্বীপ। তবে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের এক কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের চতুর্থ গোলটি এসেছে একেবারে শেষ মিনিটে। এই জয়ের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক মিশনের প্রথম ম্যাচেই তিন পয়েন্ট এবং সেমিফাইনাল নিশ্চিত হলেও, মাঠের অনুজ্জ্বল পারফরম্যান্স বর্তমান চ্যাম্পিয়নদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য করছে।
অথচ ম্যাচের শুরুটা হয়েছিল রূপকথার মতো। ভারতের রেফারি কামানি রচনা ম্যাচ শুরুর বাঁশি বাজানোর পর ঘড়ির কাঁটায় মাত্র ১১ সেকেন্ডেই মালদ্বীপের জালে বল পাঠান সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ তো বটেই, এমনকি সাফ পুরুষ ও নারী ফুটবল মিলিয়েও এটিই ইতিহাসের দ্রুততম গোল। কিক-অফ থেকে বল পেয়েই অধিনায়ক মারিয়া মান্দা নিখুঁত এক পাসে খুঁজে নেন উইঙ্গার ঋতুপর্ণা চাকমাকে। ঋতুপর্ণা বক্সে বল ঠেলতেই সেখানে ওত পেতে থাকা আনিকা দারুণ ফিনিশিংয়ে বল জড়ান জালে। জাতীয় দলের জার্সিতে এটিই আনিকার প্রথম গোল।
কোচ পিটার বাটলার এদিন নিয়মিত স্ট্রাইকার তহুরা খাতুনকে বেঞ্চে রেখে আনিকাকে নামিয়েছিলেন ৯ নম্বর জার্সিতে। কোচের সেই আস্থার প্রতিদান দিতে আনিকা সময় নেন মাত্র ১১ সেকেন্ড! কিন্তু এরপরই বাংলাদেশের আক্রমণভাগ কিছুটা তালগোল পাকিয়ে ফেলে। মালদ্বীপের গোলকিপার ফাতহিমাত সাওসান বেশ কিছু ভালো সেভ করলেও ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন উমেলাহ মারমা। তবে প্রথমার্ধের শেষ দিকে গোলকিপার মিলির ভুলে এক গোল খেয়ে বসে বাংলাদেশ। মিলি কিছুটা সামনে এগিয়ে থাকায় তাঁর মাথার ওপর দিয়ে বল চলে যায় জালে।
স্বাগতিক ভারত যেখানে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে আসর শুরু করেছে, সেখানে ভারতকে টপকে গ্রুপ–সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে বাংলাদেশের প্রয়োজন ছিল বড় জয়। খেলা মূলত মালদ্বীপের সীমানাতেই হয়েছে, কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে ঠিকঠাক আক্রমণ গুছিয়ে উঠতে পারছিলেন না মেয়েরা। পুরো ম্যাচে বাংলাদেশকে খুব একটা গোছানো লাগেনি। জওহরলাল নেহরু স্টেডিয়ামের শূন্য গ্যালারিতে এদিন নজর কেড়েছেন বাংলাদেশ থেকে আসা একমাত্র সমর্থক খোরশেদ মাতবর আলমগীর এবং ভিআইপি বক্সে ‘বাংলাদেশ’ ব্যানার হাতে থাকা জনা ছয়েক রুশ নাগরিক।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও, উল্টো আফঈদার দুর্বল ডিফেন্ডিংয়ের খেসারত দিয়ে আরও একটি গোল খেয়ে বসে। আমিনাত ফাজলা বল জালে প্লেসিং করলে স্কোরলাইন দাঁড়ায় অবিশ্বাস্য ২-২! ড্রয়ের শঙ্কায় পড়া দলের হাল ধরতে কোচ বাটলার আনিকাকে তুলে তহুরা খাতুনকে মাঠে নামান।
অবশেষে ৬৪ মিনিটে ঋতুপর্ণার নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত গোল করে দলকে স্বস্তি এনে দেন বদলি হিসেবে নামা সুরভী আকন্দ প্রীতি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ মুহূর্তে আরও একটি গোল আদায় করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের পক্ষে শেষ গোলটি করেন ডিফেন্ডার কোহাতি কিসকু।
এই জয়ে প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। তবে মালদ্বীপের বিপক্ষে এই ঘামঝরানো জয় সাফের হ্যাটট্রিক শিরোপা মিশনের শুরুতে বাংলাদেশকে বড় একটা সতর্কবার্তা দিয়ে গেল। আগামী ৩১ মে গ্রুপ–সেরা হওয়ার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ–সেরা হবে ভারত, আর বাংলাদেশ হবে রানার্সআপ। সে ক্ষেত্রে সেমিফাইনালে গত দুই আসরের ফাইনালিস্ট নেপালের মুখোমুখি হতে হতে পারে বাংলাদেশকে, যা টুর্নামেন্টের পরের ধাপে বড় এক বাধা হয়ে উঠতে পারে।


