Skip to main content

Chetona Ekush

, ,

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার রায়: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি । চেতনা একুশ

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে বাকি পাঁচ আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামলার ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলেও তদন্তে তাদের মধ্যে ছয়জনের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। পরে তদন্তে নতুন করে আরও সাতজনের জড়িত থাকার তথ্য উঠে আসে। সবমিলিয়ে ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা এবং অস্ত্র আইনে পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে কক্সবাজারের ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে সশস্ত্র ডাকাতদলের বিরুদ্ধে অভিযানে অংশ নেয় যৌথবাহিনী। অভিযানের সময় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।

ঘটনার পর অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলে। তিনি ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে আর্মি সার্ভিস কোরে কমিশনপ্রাপ্ত হন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ