Skip to main content

Chetona Ekush

, ,

চার নদীর পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

দেশের অন্তত ১০ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বর্তমানে চারটি নদীর পানি ছয় জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আপাতত দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এতে এসব জেলার নিচু এলাকায় কোথাও কোথাও সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ৬৪টি কেন্দ্রে পানি কমছে এবং ছয়টি কেন্দ্রে পানির স্তর অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রের পানির স্তর বর্তমানে সতর্কসীমা কিংবা তার কাছাকাছি অবস্থান করছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ