Skip to main content

Chetona Ekush

, ,

জনবান্ধব ও মানবিক পুলিশ বাহিনী গড়তে আপোষহীন প্রধানমন্ত্রী: ‘জুলাই সনদ’ বাস্তবায়নেরও অঙ্গীকার

পুলিশ সপ্তাহের ২য় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থেই জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশ প্রশাসন হলো সরকারের দর্পণ, তাই জননিরাপত্তা নিশ্চিত করতে দুর্নীত ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, বরং অপরাধ হিসেবেই বিবেচনা করতে হবে।

সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থায়ী নয় কোনো পদ, সেবাই হোক মূলমন্ত্র

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রশাসনের কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকারই চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য আজীবন সংরক্ষিত থাকে না। এটি কেবল বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, সারা বিশ্বের জন্যই এক চিরন্তন সত্য। তাই ক্ষমতার মোহে অন্ধ না হয়ে জনসেবাকেই ব্রত হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

পেশাদারিত্বে আপোষ নয়

তারেক রহমান বলেন, সমৃদ্ধ ও নিরাপদ ‘মানবিক বাংলাদেশ’ গড়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অপরিসীম। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতায় সুসজ্জিত হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে কোনো চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে। বিশেষ করে পেশাদারিত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা চলবে না।

জুলাই সনদ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, বর্তমান সরকার ‘জুলাই সনদ’ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি পুলিশ বাহিনীকে আশ্বস্ত করে বলেন:

• স্বচ্ছতা : নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং সততা, মেধা ও দক্ষতাই হবে একমাত্র মাপকাঠি।

• মূল্যায়ন : জনগণের কাছে সরকারের ভাবমূর্তি নির্ভর করে পুলিশের আচরণের ওপর। তাই পুলিশকে আরও মানবিক গুণসম্পন্ন হতে হবে।

প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, পুলিশ যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে, তবে বাংলাদেশ দ্রুতই একটি স্বনির্ভর ও নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে। জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশ দিয়ে সভা সমাপ্ত করেন তিনি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ