Skip to main content

Chetona Ekush

, ,

ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি । চেতনা একুশ

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সড়কে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে আইন ভাঙার ঘটনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে (অটো জেনারেটেড) নোটিশ পাঠানো শুরু হয়েছে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা দিয়ে জরিমানা পরিশোধ না করলে পরবর্তী ধাপে সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই ব্যবস্থা চালু করা হয়েছে। রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অবৈধ পার্কিং, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা সিসি ক্যামেরায় ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক ও চালকের ঠিকানায় নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে, যা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে কার্যকর করা হবে।

ডিএমপি সতর্ক করে জানিয়েছে, সিসি ক্যামেরায় ধরা পড়া মামলার নামে কোনো ব্যক্তি বা চক্র যদি অর্থ দাবি করে বা ব্যক্তিগত তথ্য চায়, তবে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এ ধরনের পরিস্থিতিতে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এআই প্রযুক্তি-সমৃদ্ধ উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, অবৈধ পার্কিং এবং লেফট লেন দখলসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে মামলা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ