Skip to main content

Chetona Ekush

, ,

দুবাইয়ে কর্মসংস্থানের নতুন দুয়ার, বাংলাদেশ থেকে নেবে আরও ৬ হাজার ট্যাক্সি চালক

নিজস্ব প্রতিনিধি । চেতনা একুশ

বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে ৬ হাজার দক্ষ চালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আজ সোমবার থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হচ্ছে।

রোববার রাজধানীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানায় দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশি চালকদের জন্য নতুন কর্মসংস্থানের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। তিনি ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

একই সঙ্গে দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়া চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবীদের জন্যও সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ করেন।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হয় বলেও জানান তারা।

প্রতিনিধি দল আরও জানায়, দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারী চালকরা সফলতার সঙ্গে কাজ করছেন। নতুন এই নিয়োগ কার্যক্রমে বাংলাদেশ থেকে আরও ১ হাজার ৫০০ জনসহ মোট ৬ হাজার চালক নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে দুবাইয়ে একজন চালক পাঠাতে অনেক বেশি খরচ হয়। অনেককেই ঋণ করে বা কষ্ট করে সেই ব্যয় বহন করতে হয়। তাই অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমিত রাখার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই প্রতিষ্ঠানে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত একমাত্র রিক্রুটিং এজেন্সি হলো আল আনাস ওভারসিজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, ভবিষ্যতে ড্রাইভার ছাড়াও ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক পদেও বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ