
নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৯ মিনিটে অনুভূত এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার হাশিমপুর এলাকায়।
ভূমিকম্পের কম্পন রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলায় অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার খুব কাছাকাছি নরসিংদীর হাশিমপুরে হওয়ায় অনেকের কাছে এটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী বলে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।


