Skip to main content

Chetona Ekush

, ,

পুরান ঢাকার দুয়ারে মেট্রোরেল, গুলিস্তান-সদরঘাটে মেট্রোরেল যুক্ত করতে লাইন-২ এগিয়ে নেওয়ার পরিকল্পনা

নিজস্ব‌ প্রতিবেদক, চেতনা একুশ

জনবহুল পুরান ঢাকাকে দ্রুত মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনতে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের পরিবর্তে এমআরটি লাইন-২ নারায়ণগঞ্জ রুটের কাজকে অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছে পরিকল্পনা কমিশন।

বর্তমানে এমআরটি লাইন-৫ প্রকল্পের আওতায় ঢাকার গাবতলী থেকে দশেরকান্দি পর্যন্ত মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, এমআরটি লাইন-২ গাবতলী থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি, নিউমার্কেট, গুলিস্তান ও মতিঝিল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়ার কথা। এ রুটের গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন যুক্ত হলে পুরান ঢাকাও মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসবে। এতে বৃহৎ একটি জনগোষ্ঠী সরাসরি এই গণপরিবহন ব্যবস্থার সুবিধা পাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, এমআরটি লাইন-২ নির্মাণের পাশাপাশি আরও কয়েকটি বিকল্প প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। এমআরটি লাইন-৫ প্রকল্পটি পুরোপুরি বাতিল করা হতে পারে, আবার এর কিছু অংশ বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পরিকল্পনা উপদেষ্টার নির্দেশনায় এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, কোনো প্রকল্প চূড়ান্ত অনুমোদনের আগে সরকার সবগুলো প্রস্তাব পর্যালোচনা করবে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা জানান, এমআরটি লাইন-৫ প্রকল্পের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের দেওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পরিকল্পনা কমিশনের মূল্যায়ন অনুযায়ী, বর্তমানে যেসব মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, সেগুলোর কোনোটি সরাসরি পুরান ঢাকাকে যুক্ত করছে না। তবে গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এমআরটি লাইন-২ চালু হলে গুলিস্তান-সদরঘাট শাখার মাধ্যমে পুরান ঢাকাকে মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হবে।

এ ছাড়া এমআরটি লাইন-৫-এর গাবতলী-দশেরকান্দি অংশে পর্যাপ্ত বাণিজ্যিক কার্যক্রম নেই বলেও মনে করছে কর্তৃপক্ষ। অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় তাই এমআরটি লাইন-২-কে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-২ নির্মাণে আনুমানিক ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা ব্যয় হতে পারে।

গত এপ্রিল মাসে এমআরটি লাইন-৫-এর কাজ এগিয়ে নিতে পর্যালোচনা সভা করেছিল পরিকল্পনা কমিশন। সভার তথ্য অনুযায়ী, গাবতলী থেকে দশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২ কিলোমিটার মেট্রোরেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৪ হাজার ৬১৮ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া ৩৯ হাজার ১৩৮ কোটি টাকা অর্থায়নে সম্মতি দিয়েছে। অবশিষ্ট ১৫ হাজার ৪৮১ কোটি টাকা সরকারের কাছ থেকে নেওয়ার কথা রয়েছে।

এদিকে, এমআরটি লাইন-২ নিয়ে একটি বিকল্প প্রস্তাবে গাবতলী থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে এমআরটি লাইন-২-এর একটি শাখা বিজয় সরণীতে যুক্ত করার প্রস্তাবও রয়েছে।

অন্যদিকে, এমআরটি লাইন-৫-এর ক্ষেত্রে কারওয়ান বাজার থেকে দশেরকান্দি পর্যন্ত অংশ নির্মাণের একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। আরেকটি প্রস্তাবে পুরো এমআরটি লাইন-৫ প্রকল্প আপাতত স্থগিত বা বাতিল করে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে তা পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব প্রস্তাবের অর্থনৈতিক সম্ভাব্যতা, যাত্রী চাহিদা এবং জনস্বার্থ—সব দিক বিবেচনা করবে সরকার।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ