
নিজস্ব প্রতিবেদক
বঞ্চিত কর্মকর্তাদের পুনর্বাসনে উদ্যোগ, আবেদন করেছেন আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে পদোন্নতি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া প্রায় ২ হাজার ৫০০ অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তাদের দাবি ও পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বঞ্চিত কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কমিটি তাদের সুপারিশ জমা দেবে। কমিটির সার্বিক প্রশাসনিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সচিব আরও জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ইতিবাচক হলে তাদের মধ্যে অনেককে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার সুযোগ বিবেচনা করা হতে পারে। পাশাপাশি আর্থিক ও অন্যান্য প্রাপ্য সুবিধা দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচকভাবে ভাবছে।


