
চলচ্চিত্র নিউজ ডেস্ক
বলিউড সুপারস্টার আমির খান জানিয়েছেন, আজ ৫ জুলাই দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাট–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। মুম্বাইয়ে নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই সুখবরটি জানান।
আমির বলেন, “হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”
জীবনের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, “দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। আমাদের নতুন পথচলার জন্য সবাই দোয়া করবেন।”
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের বড় ছেলে জুনায়েদ খান। বাবার বিয়ের ঘোষণা শুনে তাঁকে হাসিমুখে দেখা যায়।
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। তখন তিনি জানান, প্রায় ২৫ বছরের পরিচয় থেকে তাঁদের বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই সময়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান হলেন জুনায়েদ খান ও ইরা খান।
পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও একমাত্র ছেলে আজাদ রাও খান–এর সহ-অভিভাবক হিসেবে দুজনই যৌথভাবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিনের বন্ধুত্বের পর এবার গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছেন আমির খান। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর জীবনের নতুন অধ্যায়।


