Skip to main content

Chetona Ekush

, ,

‘বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ভেবেই বাজেট’: অর্থমন্ত্রী আমীর খসরু

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বার্থ ও প্রয়োজনকে বিবেচনায় রেখেই আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আমরা একটি কঠিন ও ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এগোচ্ছি। তারপরও দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখে বাজেট তৈরির চেষ্টা করেছি। এমন একটি বাজেট দিতে চাই, যাতে অর্থনীতির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায় এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।”

তিনি বলেন, সরকারের ওপর বিপুল ঋণের চাপ রয়েছে এবং অর্থনীতির সামগ্রিক পরিস্থিতিও খুব একটা ভালো নয়। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার দায়িত্ব পালন করছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা অত্যন্ত নাজুক একটি অবস্থার মধ্য দিয়ে এগোচ্ছি। তবে অতীতের তুলনায় এটি একটি ইতিবাচক সূচনা হবে বলে আশা করছি। কিছুটা সময় প্রয়োজন। শুরুটা ভালো হলে সামনে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে।”

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। তিনি অভিযোগ করেন, অতীতে অতিরিক্ত ঋণনির্ভর নীতি ও ব্যাংক থেকে ঋণ গ্রহণের ফলে অর্থনীতি চাপে পড়েছে।

তিনি বলেন, “ঋণের সুদ পরিশোধেই বাজেটের বড় একটি অংশ ব্যয় হয়ে যায়। আমরা এমন একটি পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট গড়ে তুলতে চাই, যেখানে ধীরে ধীরে ঋণের ওপর নির্ভরতা কমবে এবং বিনিয়োগের ওপর গুরুত্ব বাড়বে। একই সঙ্গে পরিচালন ব্যয়ও পর্যায়ক্রমে কমিয়ে আনার চেষ্টা করা হবে।”

অর্থমন্ত্রী আরও বলেন, “আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই, যা দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে এবং উন্নয়নের যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নে সহায়ক হবে। বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”

প্রতিবেদক : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ