
অনলাইন প্রতিনিধি, চেতনা একুশ
বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের চেম্বারের কাজ শেষ করে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নিজাম উদ্দিন শান্ত। পথে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তথ্যমতে, তার পিঠ ও পাঁজরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


