
অনলাইন ডেস্ক, চেতনা একুশ
ফিফা বিশ্বকাপ-২০২৬কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ২৪ জুন থেকে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্বকাপ চলাকালে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবাসংক্রান্ত গাড়ি—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগী পরিবহন, সংবাদমাধ্যমের যানবাহন, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী ও অনলাইন পণ্য পরিবহনকারী যানসহ সরকারি গাড়িগুলো প্রয়োজন অনুযায়ী প্রবেশের সুযোগ পাবে।
তবে এসবের বাইরে অন্যান্য যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ সীমিত রাখা হবে। একই সঙ্গে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশও নিয়ন্ত্রণের আওতায় থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত প্রয়োজন অনুযায়ী সময় সময় পুনর্মূল্যায়ন করা হতে পারে।


