Skip to main content

Chetona Ekush

, ,

বেড়াতে নিয়ে ১ যুবককে হত্যার পর কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে লেকে ফেলে দেয় বন্ধুরা, গ্রেপ্তার দুই

নিহত মেহেদী হাসান। ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক, চেতনা একুশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের একটি লেক থেকে মেহেদী হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন তুহিন (১৮) ও আব্দুল্লাহ আল মাহমুদ (১৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট শুক্রবার সকালে গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া এলাকার পাঁচ বন্ধুর সঙ্গে পূর্বাচল উপশহরে বেড়াতে আসেন মেহেদী হাসান। পূর্বশত্রুতার জেরে সেখানে কৌশলে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

হত্যার পর মরদেহটি পূর্বাচলের ৭ নম্বর সেক্টরের আলমপুর এলাকায় ভুঁইয়া ব্রিজসংলগ্ন লেকের পানিতে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে ডুবিয়ে রাখা হয়। পরে ওই এলাকায় মেহেদী হাসানের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মেহেদীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার সন্ধান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। গত রোববার ডুবুরি দল লেকের পানির নিচ থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি বাদী হয়ে রূপগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

মামলার এজাহারে তুহিন (১৮), আব্দুল্লাহ আল মাহমুদ (১৮), ইমন (১৮), শ্রাবন পলান (১৮) ও সাব্বির হোসেন ওরফে সোহাগকে (১৮) আসামি করা হয়েছে। আসামিদের সবার বাড়ি গাজীপুর জেলা সদরের হাতিয়াবো মোড়লপাড়া গ্রামে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ