Skip to main content

Chetona Ekush

, ,

ভারত থেকে এলো ১৮টি নতুন রেলকোচ, পর্যায়ক্রমে আসবে আরও ১৮২টি

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

ভারত থেকে আমদানি করা ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচের প্রথম চালানে ১৮টি কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় পর্যায়ক্রমে আরও ১৮২টি কোচ বাংলাদেশে আসার কথা রয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মামুনুর রশিদ জানান, ভারত থেকে আমদানি করা এসব রেলকোচের প্রথম চালান শুক্রবার বাংলাদেশে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, পর্যায়ক্রমে মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। পরে সেগুলো কলকাতার রানাঘাট স্টেশনে নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার দুপুরে যাত্রা করে কোচগুলো ভারতের গেদে চেকপোস্টে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে সেগুলো বাংলাদেশে প্রবেশ করে। পরে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা কোচগুলো বুঝে নেন।

আমদানি করা নতুন কোচগুলো লাল-সবুজ রঙে সাজানো হয়েছে। প্রথম চালানে থাকা কোচগুলোর মধ্যে এসি চেয়ার কোচ, এসি বার্থ, লাগেজ ভ্যান ও ১১টি শোভন চেয়ার কোচ রয়েছে।

ভারতের রেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের প্রধান নির্বাহী শুভজিত ঘোষসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল দর্শনা রেলবন্দরে উপস্থিত থেকে প্রথম চালানের কোচগুলো বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, ডিভিশনাল ট্রাফিক অফিসার (বাণিজ্যিক) হাছিনা বেগমসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম বলেন, ভারত থেকে আমদানি করা রেলকোচের প্রথম চালানের ১৮টি কোচ শুক্রবার দুপুরে দর্শনায় পৌঁছেছে। বাকি কোচগুলোও পর্যায়ক্রমে দেশে আসবে।

তিনি জানান, কাস্টমসের প্রয়োজনীয় কার্যক্রম শেষ হলে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সরকার ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করে। ওই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি কয়েক ধাপে বাংলাদেশকে মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে। ইতিমধ্যে প্রথম চালানের ১৮টি কোচ দেশে পৌঁছেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ