Skip to main content

Chetona Ekush

, ,

মানহানিকর মন্তব্যের জেরে জামায়াতের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেতনা একুশ নিউজ ডেস্ক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মানহানির এই মামলায় এর আগে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে অর্থাৎ ২১ এপ্রিল মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে আমির হামজা তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেন।

সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদকে নিয়ে এমন কুরুচিপূর্ণ ও গর্হিত মন্তব্যের প্রতিবাদে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেন।

এই বিষয়ে সংসদ সদস্য আমির হামজার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি জানান, গাড়িতে থাকার কারণে পরে কথা বলবেন। আদালতের পরোয়ানা প্রসঙ্গে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না ওসব।’

আদালতের সহকারী কৌঁসুলি নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২ এপ্রিল আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি আদালতের নির্দেশ অমান্য করে উপস্থিত না হওয়ায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ