
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
রাজধানীর মৌচাক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে পরিচিত ছিলেন।
সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেট সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লালের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশকে মারধর করছিলেন কয়েকজন লোক। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিশি বৈঠকের একপর্যায়ে দিদারুল ইসলাম ও লুৎফুর নামের দুজনের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়।
নিহত বিল্লাল হোসেন তালুকদার মালিবাগের বাগানবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউসুফ তালুকদারের ছেলে এবং পেশাগতভাবে ইট-বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজাহার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সালিশকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার একসময় রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।


