Skip to main content

Chetona Ekush

, ,

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়ের করা একটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

এর আগে গত শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আয়াসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সেদিন শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক গণমাধ্যমকে জানিয়েছিলেন, শিল্পকলা একাডেমির সামনের এলাকা থেকে আয়াস নামের একজনকে আটক করা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

যেভাবে তৈরি হয় গ্রাফিতিগুলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয়। এরপর ওই এলাকার ফুটপাতসংলগ্ন দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

প্রতিকৃতিগুলোর মধ্যে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

পরে এলাকাটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কারের কাজও করা হয়।

বিভিন্ন ঘটনায় আলোচনায় আয়াস

আ ন ম আয়াস এর আগেও বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন। জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে বিভিন্ন কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়ার ঘটনাসহ নানা বিষয়ে তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।

সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁকে ও আরও তিনজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ