Skip to main content

Chetona Ekush

, ,

রামিসা হত্যা মামলা: ট্রাইব্যুনালে বাবা-মা ও শিশু বোনের সাক্ষ্যদান, খুনিদের ফাঁসির দাবি


রাজধানীর বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ মঙ্গলবার (২ জুন) রামিসার শিশু বোন রাইসা আক্তারের ‘ক্যামেরা ট্রায়ালে’ (গোপন কক্ষে) সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কমবয়সী শিশু হওয়ায় রাষ্ট্রপক্ষের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই ব্যতিক্রমী ও সংবেদনশীল আদেশ দেন। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হলো। একই দিনে আদালতে বুকফাটা আর্তনাদে মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন রামিসার বাবা ও মা।


আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল সোমবার (১ জুন) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।


আদালত সূত্রে জানা যায়, আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার সহযোগী স্ত্রী স্বপ্নাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই একে একে সাক্ষ্য দেন নিহত রামিসার বাবা হান্নান মোল্লা, মা পারভীন আক্তার ও ছোট বোন রাইসা আক্তার।


সাক্ষ্য দেওয়ার সময় আদালত কক্ষে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে মা পারভীন আক্তার বলেন, “নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘরে ঢুকে দেখি আমার কলিজার টুকরা রামিসার মাথা একদিকে আর শরীর আরেকদিকে পড়ে আছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। ঘটনার পর ঘাতক সোহেলকে গ্রিল কেটে পালিয়ে যেতে সরাসরি সাহায্য করেছে তার স্ত্রী স্বপ্না।”

অন্যদিকে রামিসার বাবা হান্নান মোল্লা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আদালতে বলেন, লম্পট সোহেলই তার অবুঝ শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছে। তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তবে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী দাবি করেছেন, রামিসার মা আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।


উল্লেখ্য, গত ২৪ মে তদন্ত কর্মকর্তা আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ এনে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। সিএমএম আদালত চার্জশিটটি গ্রহণ করে দ্রুত বিচারের স্বার্থে মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির নির্দেশ দেন। এই স্পর্শকাতর মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়েছে। অবুঝ শিশু রামিসার এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।

প্রতিবেদক : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ