
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
রাষ্ট্রপতি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটগ্রহণের নির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণের আগে স্পিকারের সঙ্গে পরামর্শ করার বিধান রয়েছে। সে অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নির্ধারিত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংসদ অধিবেশনে থাকলে নির্বাচন পরিচালনার একটি পদ্ধতি অনুসরণ করা হবে, আর অধিবেশন না থাকলে আইন অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে সংসদ সচিবালয়কে চিঠিও পাঠানো হয়েছে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিব হাফিজ আহমেদ চৌধুরী এবং সচিব গোলাম সরওয়ার ভূঁইয়াও বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসাবে আগামী ২২ অক্টোবরের মধ্যেই নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ লক্ষ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে তিনি তফসিল ঘোষণা করেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেন জাতীয় সংসদের সদস্যরা।
প্রচলিত রীতি অনুসারে, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


