
আন্তর্জাতিক ডেস্ক, চেতনা একুশ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকট বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা, যার পরপরই জ্বালানি ট্যাংকটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে, আরামকোর লোগোযুক্ত সুবিশাল ট্যাংকটি অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রামাণিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই ঘটনার পূর্বে বিমানবন্দরের সংলগ্ন এলাকায় মনুষ্যবিহীন ড্রোন হামলার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। ড্রোন আঘাত হানার পর পরই পুরো এলাকা ধোঁয়ার ঘন কালো কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে পড়ে। নিরাপত্তার তাগিদে এবং উদ্ভূত পরিস্থিতির কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দূরপাল্লার ফ্লাইট বাতিলসহ সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থার উপাত্ত অনুযায়ী, শনিবার রিয়াদ বিমানবন্দরে বিমান চলাচলে ভয়াবহ স্থবিরতা তৈরি হয়। বিমানবন্দরটির বিঘ্ন সূচক সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বিমানবন্দর সংলগ্ন এলাকার অধিবাসীরাও ধোঁয়া এবং বিশৃঙ্খল পরিস্থিতির দৃশ্য প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন। ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট প্রশাসন।


