Skip to main content

Chetona Ekush

, ,

র‍্যাব বিলুপ্ত করে গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন “এসআরবি”

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা।

এ ছাড়া নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা ক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

খসড়া আইনে র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।

পাশাপাশি, নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, আইনটি কার্যকর হলে র‍্যাবের পরিবর্তে পুলিশের আওতায় নতুন কাঠামোয় বিশেষায়িত বাহিনী হিসেবে এসআরবি কার্যক্রম পরিচালনা করবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ