Skip to main content

Chetona Ekush

, ,

সংসদে ওঠা অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে আমলে নেবে দুদক

ছবি সংগৃহীত


অনলাইন প্রতিবেদক, চেতনা একুশ

দুর্নীতির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন প্রশাসন। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি উন্নয়ন, স্বচ্ছতা ও কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) দুদকে যোগদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ২০২৫ সালের এক জরিপে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতির হার ১০ শতাংশের বেশি বেড়েছে। ওই জরিপ প্রকাশের পর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের সময় মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগও উত্থাপিত হয়।

এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাইদুর রহমান খান বলেন, সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের ধরন ও গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দুদককে ঘিরে জনমনে বিভিন্ন নেতিবাচক ধারণা রয়েছে। সেই ভাবমূর্তি পরিবর্তনে সংস্থার কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।

দুদকের কার্যক্রম প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় কিছুটা স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থার স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ