Skip to main content

Chetona Ekush

, ,

সব মামলা থেকে জামিন পেয়ে কারামুক্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

ডা. সেলিনা হায়াৎ আইভী

চেতনা একুশ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ১২টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। ওই জামিন স্থগিতের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। তবে ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।

এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যা মামলাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। পরবর্তীতে সব মিলিয়ে ১২ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকায় সংশ্লিষ্ট আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইভীকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, তিনি গ্রেফতারের পর থেকে ৩৯০ দিন হাজতবাসের পর মুক্তি পেলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন তিনি।

মুক্তির সময় তাঁর নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেনসহ কয়েকজন আইনজীবী ও স্বজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ