Skip to main content

Chetona Ekush

, ,

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী নূর আখতার, কন্যা নিলুফার জমির এবং দুই ছেলে—নওশাদ জমির ও নওফেল জমিরকে রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়কসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে তাঁর জন্ম। তাঁর বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। তিনি সুপ্রিম কোর্টে একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পান।

ছাত্র জীবনেই ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতিতে যুক্ত হন। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং শুরু থেকেই দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ এবং দিনাজপুর-১ আসনের প্রতিনিধিত্ব করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ