
বিশেষ প্রতিনিধি, চেতনা একুশ
সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।
সোমবার (১০ আগস্ট) বিষয়টি জানা গেছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে এ অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে মোঃ সাহাবুদ্দিনের সময়ে বড় অঙ্কের ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তী সময়ে ওই বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যবসায়ী এস আলম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ সাহাবুদ্দিন, ব্যাংকটির সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দাবি, চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার বিস্তারিত তদন্ত করা হয়েছে। ওই তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই দুদকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।


