
জুলাই সনদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু সেই প্রতিশ্রুতির বিপরীতে গিয়ে সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করেছে। একই সঙ্গে সচিবালয়ে দায়িত্ব পালন করা ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের ১৫ সদস্যকে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ে তাদের যোগদানের তারিখ দেখানো হয়েছে গত ১০ এপ্রিল। এর আগের দিন জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।
অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছিল। তবে পরবর্তীতে বিএনপি সরকার সেটিকে আইনে রূপ দেয়নি। বরং সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করে সচিবালয় বাতিল করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ২২ অনুচ্ছেদে রাষ্ট্রকে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক রাখার নির্দেশ দেওয়া হলেও স্বাধীনতার পর দীর্ঘ সময় এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১৯৯৪ সালে অধস্তন আদালতের বিচারকদের বেতন ও মর্যাদা নিয়ে অসন্তোষের প্রেক্ষাপটে বিচারপতি মাসদার হোসেনসহ ৪৪১ জন বিচারক হাইকোর্টে রিট দায়ের করেন। সেই মামলার রায়ে ১৯৯৭ সালে হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস হিসেবে গড়ে তোলার নির্দেশ দেয়। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ ঐতিহাসিক রায় প্রদান করে। ওই রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক রাখা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা এবং নিম্ন আদালতের বাজেটে নির্বাহী হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৭ সালের ১ নভেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক ঘোষণা করে। তবে বাস্তব প্রয়োগে সেই স্বাধীনতা বহু ক্ষেত্রেই সীমাবদ্ধ থেকে যায়।২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়া বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার প্রশ্নে নতুন করে আলোচনা সামনে আনেন। ২১ সেপ্টেম্বর দেওয়া এক অভিভাষণে তিনি বলেন, আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের ‘দ্বৈতশাসন ব্যবস্থা’ বহাল থাকলে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না। তিনি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ওপর জোর দেন।
এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৭ অক্টোবর পৃথক সচিবালয়ের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই সময়ে বিচার বিভাগ সংস্কার কমিশনও সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন এবং বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিতের সুপারিশ করে।
পরবর্তীতে এক রিট মামলায় উচ্চ আদালত ২০২৫ সালের ২ সেপ্টেম্বরের রায়ে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। পরদিন রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে অতিরিক্ত দায়িত্বে সচিবালয়ের সচিব করা হয় এবং সচিবালয়ের কাঠামো নির্ধারণে কমিটি গঠন করা হয়।
পরে ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন ৪ নম্বর প্রশাসনিক ভবনে সচিবালয়ের উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু সরকার পরিবর্তনের পর সেই উদ্যোগ আর টেকেনি। শেষ পর্যন্ত সংসদে রহিতকরণ বিল পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো।
প্রতিবেদক : নাসরিন বেগম


