Skip to main content

Chetona Ekush

, ,

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল ‘ট্রাম্প’: কোরবানির হাটের আলোচিত মহিষ এখন জাতীয় চিড়িয়াখানায়

চেতনা একুশ ডেস্ক

নারায়ণগঞ্জের সেই বহুল আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানির হাটে জবাই হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সরাসরি হস্তক্ষেপ এবং বিশেষ নির্দেশনায় এই বিরল প্রজাতির প্রাণীটিকে রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই সরকার এই নজিরবিহীন ও প্রশংসনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।


বুধবার (২৭ মে) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটিকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়। ইতোমধ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল থানা থেকে মহিষটি নিজেদের জিম্মায় নিয়েছে। বিরল বৈশিষ্ট্যমণ্ডিত এই প্রাণীটিকে এখন থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।


প্রশাসনিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের একটি খামারে বড় হওয়া এই সাদা মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে তীব্র কৌতুহল ও উন্মাদনা তৈরি হয়। ফলে প্রাণীটির নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করেন। তিনি ক্রেতাকে তার পরিশোধিত অর্থ ফেরত দিয়ে মহিষটি সরকারি হেফাজতে নেওয়ার ব্যবস্থা করেন।


এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবাদমাধ্যমকে জানান, মূলত জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। বিরল বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক প্রচারণার কারণে প্রাণীটিকে জবাই না করে প্রাণিসম্পদ হিসেবে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


এদিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটিকে সর্বসাধারণের প্রদর্শনীর জন্য চিড়িয়াখানায় আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেটিকে রাখার জন্য একটি বিশেষ শেডও তৈরি করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।


উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গায়ের রঙ, চুল ও চোখের সাথে মিল থাকায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্মে’র মালিকের ছোট ভাই শখের বশে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরবর্তীতে বিবিসি, সিএনএনসহ বিশ্বের একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে এই অ্যালবিনো মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের পর এটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। শেষ পর্যন্ত অতিরিক্ত জনসমাগম ও জনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে সেটিকে কোরবানির হাট থেকে সরিয়ে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নেওয়ার এই যুগান্তকারী সিদ্ধান্ত হলো।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ