
নিজস্ব প্রতিবেদক | চেতনা একুশ
রাজধানীর রাজপথ দখলমুক্ত করার পর এবার উচ্ছেদ হওয়া হকারদের কর্মসংস্থানের বিষয়ে মানবিক ও সুশৃঙ্খল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জনদুর্ভোগ কমাতে সড়ক যেমন পরিষ্কার রাখা প্রয়োজন, তেমনি খেটে খাওয়া মানুষের রুটিরুজি যেন বন্ধ না হয়—সেই লক্ষ্যে দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকার দুই সিটি করপোরেশন, রাজউক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, উচ্ছেদ হওয়া হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে হবে।
পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ
প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, “উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও উৎসাহের সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন।” এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম ও গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হয়।
নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান
হকারদের কার্যক্রমকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্ছেদ হওয়া হকারদের পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধনের ব্যবস্থা করা হবে। এর ফলে তাদের কার্যক্রম যেমন সুশৃঙ্খল হবে, তেমনি সাধারণ মানুষের চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না।
শিক্ষা প্রতিষ্ঠানের যানজট নিরসনে নতুন দাওয়াই
কেবল ফুটপাত নয়, স্কুল-কলেজের ছুটির সময় রাজধানীর তীব্র যানজট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ। সমস্যা সমাধানে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের পরিকল্পনা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জনবান্ধব ও সমৃদ্ধ ঢাকা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী নির্দেশনা নগরবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। হকদারদের পুনর্বাসন ও রাজপথের শৃঙ্খলা ফেরাতে প্রশাসন এখন কতটা দ্রুত কাজ করে, সেটাই এখন দেখার বিষয়।


