
চেতনা একুশ ডেস্ক: ঢাকা
পবিত্র হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আল্লাহর মেহমানরা এখন স্বদেশে ফিরতে শুরু করেছেন। আজ রোববার সকাল ৬টার দিকে দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইটে হাজীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে, ৪১৯ জন হাজী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি দেশে এসে পৌঁছায়।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপরই শুরু হয় হাজীদের ঘরে ফেরার পালা। সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সৌদিয়া এয়ারলাইন্সের ‘এসভি ৫৮০৬’ ফ্লাইটের মাধ্যমে হাজীদের এই প্রত্যাবর্তন যাত্রা শুরু হলো। উদ্বোধনী দিন অর্থাৎ শনিবার মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজীর দেশে ফেরার কথা রয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চালু থাকবে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২১ মে বাংলাদেশ থেকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। এবারের হজে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র সৌদি আরবে যান।
এদিকে, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, এবার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৩৫ জন বাংলাদেশী হাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের আত্মার মাগফিরাত কামনা করছে চেতনা একুশ পরিবার।


