Skip to main content

Chetona Ekush

, ,

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনাআগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নতুন অর্থবছরের শুরু থেকেই এ বেতন কাঠামো বাস্তবায়নে সরকার কাজ করছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। একাংশ ধাপে ধাপে বাস্তবায়নের পক্ষে মত দিলেও অন্য অংশের দাবি, নতুন পে স্কেল এক ধাপেই কার্যকর করতে হবে। তাদের মতে, আংশিক বাস্তবায়ন হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এতে কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কর্মচারীরা।

সরকারি সূত্রে জানা যায়, নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হবে। এরপর তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর করা হবে।

নতুন বেতন কাঠামোতে বর্তমানের ২০ গ্রেড বহাল রাখা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, নতুন এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সামগ্রিকভাবে ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ