
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ:
আগামী ২০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গতকাল সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের বিগত তিন মাসের কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দেশব্যাপী একযোগে শুরু হওয়া এই এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় ২০ মে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই ২০ জুলাই ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর এই বৃহৎ পাবলিক পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
আগামী বছর ৭ জানুয়ারি শুরু হতে পারে পরবর্তী এসএসসি পরীক্ষা
পরবর্তী শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস চলতি বছরের জুন মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৭ জানুয়ারি থেকেই পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু করতে চায় সরকার।


