Skip to main content

Chetona Ekush

, ,

৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

আগামী অক্টোবরের শুরু থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের সময়সীমা প্রথমে জুনের শেষ পর্যন্ত রাখার পরিকল্পনা ছিল। তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ফলে যাঁরা এখনো ভোটার হতে পারেননি, তাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, অক্টোবর থেকেই ভোট শুরু হবে—এমন সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা বা চিঠিপত্র বিনিময় হয়নি।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি)পৌরসভা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের কোনো আইনি জটিলতা নেই। তবে উপজেলাজেলা পরিষদ নির্বাচন নির্ভর করছে ইউপি ও পৌরসভা নির্বাচন সম্পন্ন হওয়ার ওপর। কারণ, এসব পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাই উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনের ভোটার হিসেবে ভূমিকা পালন করেন।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে দেশের প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। এখন কত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ধাপের মধ্যে কতদিন বিরতি থাকবে, সে বিষয়ে কমিশন বিস্তারিত পরিকল্পনা করছে।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ব্যালট পেপারের কাগজ কেনার জন্য সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস)-এর বাজেট অনুমোদন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের আচরণবিধি ও ভোট পরিচালনা বিধিমালার খসড়া চূড়ান্ত করার কাজও শেষ পর্যায়ে রয়েছে। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মতামত সংগ্রহ শেষে সেগুলো এখন পর্যালোচনা করছে কমিশন।

বর্তমানে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটারের তথ্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আইনের পরিবর্তনের ফলে এখন নির্বাচন কমিশন বছরের যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারে, যেখানে আগে প্রতি বছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতো।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ