
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। এমনকি অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালন করতেও বাধ্য করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে পুলিশ সদস্যদের সামনে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে সালাউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। তবে এখন তাদের সামনে নিজেদের সংশোধন ও নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের পরিবর্তনটা দেখাতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। পুলিশ বাহিনীর দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দেশে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশের দায়িত্ব পালনে জবাবদিহির বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে। অন্যদিকে দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে বিষয়টি শুধু বিভাগীয় শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। একই সঙ্গে প্রচলিত আইনে মামলা করা হবে এবং বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশে ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ ব্যবস্থা চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং দায়িত্ব পালনে প্রত্যাশিত ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে সালাউদ্দিন আহমদ বলেন, জনগণ এখন রাজা-বাদশাহের পুলিশ নয়, বরং জনগণের পুলিশ দেখতে চায়। তাই কোনো সিনিয়র কর্মকর্তা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যা সাধারণ মানুষের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক বলে মনে হতে পারে।
একইভাবে অধস্তন কোনো পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ডেও কোনো কর্মকর্তা অনুমতি, প্রশ্রয় বা আশ্রয় দেবেন না, যার কারণে সমাজে অশান্তি বা মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পুলিশ বাহিনীর দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জবাবদিহি, আইনানুগ আচরণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্ব দেওয়া হয়।


