
চেতনা একুশ ডেস্ক:
বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাজারে খুব একটা বড় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এই অজুহাতে বাজারে কেউ যদি অন্যায়ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করে, তবে সরকার তা কঠোর হস্তে দমন করবে এবং বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
সামনেই বাজেট, আর বাজেটের এই অন্তর্বর্তীকালীন সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘ভর্তুকির চাপ কমাতে এই সমন্বয় কোনো না কোনো সময়ে করতেই হতো। অনেকেই ভাবেন বাজেট এলেই বাজারে দাম বেড়ে যায়, কিন্তু বর্তমানে কাঁচাবাজারের পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যাবে, সবজির দাম অন্যান্য সময়ের তুলনায় বেশ নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে মূল্যের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তা ইতিমধ্যে কমতে শুরু করেছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, সরকার যদি বাজেটের সিংহভাগ টাকাই ভর্তুকিতে ব্যয় করে ফেলে, তবে অন্যান্য জনকল্যাণমূলক ও উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়বে। সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ নিশ্চিত করতে চায়। বিশেষ করে কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ এবং সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এর মতো সামাজিক সুরক্ষা বলয় তৈরি করতে হলে এই ব্যয় সংস্থানের কোনো বিকল্প নেই।
উপদেষ্টা সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে যেন নিম্নআয়ের মানুষের ওপর চাপ না পড়ে, সেদিকে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। পাশাপাশি আগামী বাজেটে দেশের একটি বিশাল জনগোষ্ঠী ‘ফ্যামিলি কার্ড’ এর আওতায় আসবে, যার ফলে তারা সরাসরি সরকারি সহায়তা পাবেন।
টিসিবির পণ্য বিতরণসহ সরকারের বিদ্যমান সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি পুরোপুরি বলবৎ থাকবে জানিয়ে তিনি বলেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট বা অন্যায্যভাবে মূল্যবৃদ্ধি করতে না পারে, সেজন্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।


