Skip to main content

Chetona Ekush

, ,

রাখে আল্লাহ মারে কে: নেপালে ধ্বংসস্তুপের নিচ থেকে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

উদ্ধার কাজের সময়। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

নেপালে ভয়াবহ বন্যার পর কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকার পর ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় রসুয়া জেলার তিমুরে গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভোতে কোশি নদীর পানি উপচে রসুয়া জেলার তিমুরেসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক মানুষ নিখোঁজ হন।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানোর সময় সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। পরে শব্দের উৎস শনাক্ত করে সেখানে দ্রুত খননকাজ শুরু করেন তারা। একপর্যায়ে কাদামাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

উদ্ধারের পর তিমুরেতে অবস্থিত এপিএফের সীমান্ত চৌকিতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুতে নেওয়ার পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি। পরদিন শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে শিশুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

এদিকে, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উদ্ধারকর্মীদের প্রশংসা করছেন অনেকে। একই সঙ্গে শিশুটির পরিবারের সদস্যদের দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। কর্তৃপক্ষও শিশুটির পরিবার ও স্বজনদের সন্ধানে কাজ করছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ