
নিজস্ব প্রতিবেদক | ঢাকা ও কুমিল্লা
দীর্ঘ এক দশকের বিচারহীনতার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলা। ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষা আর আন্দোলনের পর এই মামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অভিযান ও গ্রেপ্তার :
গত মঙ্গলবার রাতে পিবিআই-এর একটি চৌকস দল ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করা হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তে নতুন মোড় ও ডিএনএ পরীক্ষা :
গত ১০ বছরে এই মামলার তদন্তভার পরিবর্তন হয়েছে ৪টি সংস্থার হাতে, দায়িত্ব পালন করেছেন ৭ জন তদন্ত কর্মকর্তা। ৮০টিরও বেশি ধার্য তারিখ অতিবাহিত হলেও অপরাধী শনাক্তে এতদিন এক ধরণের অনিশ্চয়তা কাজ করছিল। তবে সম্প্রতি মামলার সপ্তম তদন্ত কর্মকর্তার তৎপরতায় তদন্তে নতুন গতি সঞ্চার হয়। গত ৬ই এপ্রিল তদন্তকারী কর্মকর্তা সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। আদালতের সেই সবুজ সংকেতের পরপরই হাফিজুর রহমানকে আইনের আওতায় আনা হলো।
আবেগাপ্লুত স্বজনদের দীর্ঘশ্বাস :
এদিকে হাফিজুরকে আদালতে তোলার খবর শুনে উপস্থিত হন তনুর বৃদ্ধ বাবা-মা ও ভাই রুবেল হোসেন। দীর্ঘ এক দশক ধরে ন্যায়বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরতে থাকা এই পরিবারটিকে আজ বেশ আবেগপ্রবণ দেখা যায়। তনুর ছোট ভাই রুবেল হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা অনেক পথ চেয়ে ছিলাম। আশা করি এবার অন্তত আমার বোনের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার ও প্রকৃত ন্যায়বিচার পাবো।”
উল্লেখ্য, ২০১৬ সালের ২০শে মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের মধ্যে তার লাশ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে থানা-পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় ধরে মামলাটি তদন্ত করেও কোনো রহস্য বের করতে পারেনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি। গত প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির ষষ্ঠ তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
তনু হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকা সাধারণ মানুষ এখন ডিএনএ পরীক্ষার ফলাফল এবং রিমান্ডে পাওয়া তথ্যের দিকে তাকিয়ে আছে, যেন আর কোনো দীর্ঘসূত্রতা ছাড়াই অপরাধীদের মুখোশ উন্মোচিত হয়।
রিপোর্ট : এড. নাসরিন বেগম।


