Skip to main content

Chetona Ekush

, ,

নির্বাচন প্রস্তুতি শেষের পথে: দ্রুতই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংসদীয় প্রতিবেদক | চেতনা একুশ

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি এখন সরকারের সক্রিয় বিবেচনাধীন। প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে এই সংক্রান্ত আলোচনা উত্থাপিত হয়। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের (চট্টগ্রাম-১৬) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জনআকাঙ্ক্ষা পূরণে অনির্বাচিত ব্যক্তিদের পরিবর্তে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়। ভোটার তালিকা, সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব, আবহাওয়া এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে তফসিল ঘোষণা করা হয়। তবে তফসিল ঘোষণার পূর্বপ্রস্তুতির জন্য অন্তত ৪৫ দিন সময় প্রয়োজন।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে। ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো হবে— ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর। ‘নিকার’-এর পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এদিকে ইভিএম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, তিন হাজার ৮২৫ কোটি টাকারও বেশি ব্যয়ে কেনা দেড় লাখ ইভিএম নিয়ে অডিট আপত্তি উঠেছে এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলমান রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আগামী জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনেই আর ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমানে মেশিনগুলো বিভিন্ন গোডাউন ও বিএমটিএফ-এ সংরক্ষিত রয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ