
চট্টগ্রাম ব্যুরো । চেতনা একুশ
লক্ষ্যটা পাহাড়সম না হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮৩ রানের টার্গেট যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। কিন্তু সেই কঠিন লক্ষ্যটাকেই যেন জলভাতে পরিণত করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন এক রেকর্ড গড়ল টাইগাররা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করার নজির ছিল বাংলাদেশের, যা আজ চট্টগ্রামে অনন্য উচ্চতায় পৌঁছাল।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে সফরকারী নিউজিল্যান্ড। ব্যাটিংবান্ধব উইকেটে কিউইদের শুরুটা ছিল বিধ্বংসী। পাওয়ার প্লে-তেই এক উইকেট হারিয়ে তারা তুলে ফেলে ৬১ রান। ১০ ওভার পার হওয়ার আগেই ১০০-র কোটা পেরিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল তারা। কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভারের জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১৬ বলে ১৭ রান করে বিদায় নিলেও অধিনায়ক লিটন দাসকে নিয়ে লড়াই চালিয়ে যান তানজিদ হাসান তামিম। লিটন ১৫ বলে ২১ রান করে ফিরলে খানিকটা চাপে পড়ে দল। তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন।
ইমন ১৪ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নিলেও, এরপর উইকেটে এসে রুদ্রমূর্তি ধারণ করেন শামীম হোসেন। হৃদয়ের নান্দনিক ব্যাটিং আর শামীমের ঝোড়ো উইলোবাজিতে খড়কুটোর মতো উড়ে যায় কিউই বোলাররা। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে হৃদয় তুলে নেন দর্শনীয় এক হাফ সেঞ্চুরি, যা তাকে ম্যাচসেরার পুরস্কারও এনে দেয়। শামীম হোসেন অপরাজিত থাকেন ৩১ রানে।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সাগরিকায় টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্স টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন এক পথচলারই ইঙ্গিত দিচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড – ১৮২/৬ (২০ ওভার); ক্লেভার ৫১, ক্লার্ক ৫১; রিশাদ ২/৩২।
বাংলাদেশ – ১৮৩/৪ (১৮ ওভার); হৃদয় ৫১, শামীম ৩১; সোধি ২/৪০।
ফলাফল – বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।


