Skip to main content

Chetona Ekush

, ,

তিন মাসের মধ্যে সব সরকারি দপ্তরে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে জেলা প্রশাসকদের নিজ নিজ দপ্তরের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়ের সব সরকারি অফিসেও দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সৌরশক্তি থেকে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সব সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে মাঠ প্রশাসনের কর্মকর্তারা ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত এই কার্যক্রম শুরু হলে বিদ্যুৎ সাশ্রয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।

ডিসি সম্মেলনে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়েছে, যাতে স্থানীয় প্রশাসন জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারে।জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যে সংকটের কথা বলা হয়েছিল, তা মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এ সময় জেলা প্রশাসকরা সক্রিয় ভূমিকা পালন করায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের দীর্ঘ সঞ্চালন লাইনে কোথাও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে কিছুটা সময় লাগে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও দ্রুত মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এটিকে প্রকৃত অর্থে লোডশেডিং বলা যায় না।

মন্ত্রী স্পষ্ট করে জানান, সম্প্রতি দেশের কিছু এলাকায় যে বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে, তা তেলের সংকটজনিত নয়; বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তেলের অভাবে লোডশেডিং হচ্ছে—এ ধরনের তথ্য সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।

রিপোর্ট‌: নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ