Skip to main content

Chetona Ekush

, ,

কোরবানির হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা-সরকারের জিরো টলারেন্স ঘোষণা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিনিধি । চেতনা একুশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের পশুর হাটগুলোতে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজি সহ্য করা হবে না; এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

বুধবার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখা হয়। উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং মো. সরওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার মানুষের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পশু পরিবহন কিংবা হাটে ক্রয়-বিক্রয়ের সময় কোথাও যেন চাঁদাবাজি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে সারাদেশে যানজট নিয়ন্ত্রণ, পশুর হাট ব্যবস্থাপনা, মহাসড়ক, রেলপথ ও নৌপথের শৃঙ্খলা বজায় রাখা এবং চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—রেললাইন ও মহাসড়কের মাঝখানে কোনো হাট বসানো যাবে না এবং ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও পশুর হাট বসাতে দেওয়া হবে না। এ নির্দেশ অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

গাবতলী এলাকায় প্রতিবছর ঈদের আগে যে তীব্র যানজট তৈরি হয়, তা নিরসনে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রতিমন্ত্রী জানান, নতুন একটি বাইপাস বা সার্ভিস রোড নির্মাণকাজ শেষের পথে, যা চালু হলে গাবতলী-আমিন বাজার সড়কের যানজট অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, ঈদের অন্তত এক সপ্তাহ আগে আইনশৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশন ও হাট ইজারাদারদের নিয়ে সমন্বয় সভা হবে। সেখানে ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি হাট এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের ঈদে পশুর হাট ব্যবস্থাপনা এবং রাজধানীতে আসা-যাওয়ার সড়কগুলো আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন থাকবে। সরকার ও সংশ্লিষ্ট সব সংস্থা এ লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ