Skip to main content

Chetona Ekush

, ,

ভ্রূণের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ: হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

অনাগত সন্তানের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ বন্ধে এক যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। এই ঐতিহাসিক রায়ের ফলে এখন থেকে গর্ভস্থ শিশু ছেলে না মেয়ে, তা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশ করা কেবল অনৈতিকই নয়, বরং এটি সরাসরি নারীর প্রতি চরম বৈষম্য। এটি সমাজে কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়িয়ে দেয় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে। আদালত আরও বলেন, এই ধরনের চর্চা দেশের সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থি। এটি কেবল দেশীয় আইন নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও সুস্পষ্ট লঙ্ঘন।

রায়ে আক্ষেপ প্রকাশ করে বলা হয়, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার যথেষ্ট অভাব ছিল। শুধুমাত্র গাইডলাইন বা নীতিমালা তৈরি করলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। ডিজিটাল নজরদারি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক প্রথা বন্ধ করা সম্ভব নয়।

উল্লেখ্য যে, পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশেই গর্ভস্থ শিশুর লিঙ্গ প্রকাশ আইনগতভাবে কঠোরভাবে নিষিদ্ধ। বাংলাদেশেও এই নির্দেশনা বাস্তবায়নে আদালত ‘কনটিনিউয়াস ম্যান্ডামাস’ জারি করেছেন, যার ফলে হাইকোর্ট নিজেই এই রায়ের বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত তদারকি করবেন।

দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নারীর মর্যাদা রক্ষা এবং কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতে এই রায় এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রিপোর্ট : এড্. নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ