Skip to main content

Chetona Ekush

, ,

মেট্টোরেলে ট্রিপ সংখ্যা ও সময় বৃদ্ধির প্রস্তুতি: মে মাসেই আসছে সুখবর

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

রাজধানীর যানজটহীন যাতায়াতের লাইফলাইন মেট্রোরেলের চলাচলের সময়সীমা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রাতের ব্যস্ততা বিবেচনায় রেখে চলাচলের সময়সীমা আরও ৪০ থেকে ৫০ মিনিট বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এই লক্ষ্যে প্রয়োজনীয় নিরীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষামূলক এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে খুব শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, চলতি মে মাসের শেষ দিকে অথবা আসন্ন ঈদুল আজহার পর এই নতুন সময়সূচি কার্যকর হতে পারে। কেবল সময় বাড়ানোই নয়, যাত্রীসেবায় গতি আনতে ট্রেনের ফ্রিকোয়েন্সি বা চলাচলের মধ্যবর্তী সময়ও কমানো হচ্ছে। বর্তমানে ব্যস্ত সময়ে পাঁচ মিনিট পরপর ট্রেন চললেও নতুন পরিকল্পনায় তা কমিয়ে সাড়ে চার মিনিট করা হবে।

প্রস্তাবিত নতুন সময়সূচি

নতুন পরিকল্পনা অনুযায়ী শেষ ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে:

• মতিঝিল থেকে উত্তরা:

শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১১টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে।

• উত্তরা থেকে মতিঝিল: শেষ ট্রেন রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

তবে সকালের যাত্রার শুরুর সময়ে আপাতত কোনো পরিবর্তন আসছে না। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায় ছেড়ে যায়।

যাত্রীসেবায় নতুন গতি

বর্তমানে মেট্রোরেল প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালনা করছে। সময় এবং ট্রেনের সংখ্যা বাড়লে এই ট্রিপের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। উত্তরা-মতিঝিল রুটে বর্তমানে ২৪ সেট ট্রেন থাকলেও পিক আওয়ারে চলে ১২ সেট। নতুন পরিকল্পনায় ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৪ সেট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রযুক্তিগতভাবে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর ট্রেন চালানোর সক্ষমতা থাকলেও জনবল সংকটের কারণে ধাপে ধাপে এই সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

যাত্রী চাহিদার ঊর্ধ্বগতি

প্রকল্পের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী প্রতিদিন ৫ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে প্রতিদিন গড়ে সোয়া চার লাখ মানুষ মেট্রোরেল ব্যবহার করছেন। সংশ্লিষ্টদের ধারণা, কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হলে দৈনিক যাত্রী সংখ্যা পৌনে সাত লাখ ছাড়িয়ে যাবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দুই দিক থেকেই সময় বাড়ানোর পরীক্ষা চলছে এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর যাত্রা শুরু করা এই মেগা প্রকল্প ২০২৩ সালের শেষ নাগাদ মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু করার মাধ্যমে রাজধানীবাসীর যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এখন সেই সেবাকে আরও দীর্ঘ সময় জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দেওয়ার অপেক্ষায় সংশ্লিষ্ট বিভাগ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ