Skip to main content

Chetona Ekush

, ,

‘কাঁটাতারের বেড়ায় বন্ধুত্ব হয় না, জনতা একদিন তা উপড়ে ফেলবে’ — নাহিদ ইসলাম

এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নির্বিচারে মানুষ হত্যার মধ্য দিয়ে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া এই বিভেদের প্রাচীর একদিন এদেশের সাধারণ মানুষই উপড়ে ফেলবে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

সার্বভৌমত্ব ও নায্য হিস্যার দাবি

নাহিদ ইসলাম সরকারের প্রতি কড়া আহ্বান জানিয়ে বলেন, “সীমান্ত হত্যা বন্ধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভিন্ন নদ-নদীতে পানির নায্য হিস্যা আদায়ে রাষ্ট্রকে আরও কার্যকর ও মেরুদণ্ডসম্পন্ন ভূমিকা পালন করতে হবে।” একইসঙ্গে দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই হবে আগামীর বাংলাদেশের লক্ষ্য।

শাপলা চত্বর ও বিএনপির ভূমিকা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বিরোধী দল হিসেবে বিএনপির তৎকালীন ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, দেশের একটি বিশাল জনগোষ্ঠী যখন চরম বিপদে ছিল, তখন বিএনপির আরও সাহসী ও সক্রিয় হওয়া উচিত ছিল। সে সময় যুদ্ধাপরাধের বিচারের আড়ালে বিরোধী মত দমন এবং ইসলামবিদ্বেষ ছড়ানোর যে রাজনীতি হয়েছিল, তার কঠোর সমালোচনা করেন তিনি।

হেফাজত ও মাদরাসা শিক্ষার্থীদের অধিকার

নাহিদ ইসলাম আক্ষেপ করে বলেন, শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনকে পরিকল্পিতভাবে ‘তাণ্ডব’ হিসেবে প্রচার করা হয়েছিল। দাড়ি-টুপিধারী মাদরাসা শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে চিত্রায়িত করার যে অপচেষ্টা দীর্ঘকাল ধরে চলে আসছে, তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর গুলি চালানো আন্তর্জাতিক আইনে স্পষ্টত মানবতাবিরোধী অপরাধ।”

তিনি আরও যোগ করেন, শাপলা চত্বরের সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই পরবর্তীতে জুলাই গণহত্যার মতো পরিবেশ তৈরি হয়েছে। আলেম-ওলামাদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার না করে তাদের নাগরিক অধিকার ও জাতীয় ইতিহাসে তাদের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এই এনসিপি নেতা।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ