
শিরোনাম:আপিল বিভাগে নথিভুক্ত আসলাম-সারোয়ারের আবেদন, শপথে আপাতত বাধাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরও সংসদ সদস্য হিসেবে ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের অনুমতি চেয়ে করা বিএনপির দুই প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের পৃথক আবেদন নথিভুক্ত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আবেদন দুটির পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে আপাতত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ পাচ্ছেন না এই দুই প্রার্থী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসন থেকে সারোয়ার আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ঋণখেলাপির অভিযোগকে কেন্দ্র করে সর্বোচ্চ আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তাঁদের নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রয়েছে। যদিও দুই আসনেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন বিএনপির এই দুই প্রার্থী।
এর আগে ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নিয়ে জটিলতা সৃষ্টি হলে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে, গত ১৮ জানুয়ারি তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত সমর্থিত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল দায়ের করেন।
পরে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। এতে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।
নির্বাচনে জয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়নি।
রিপোর্ট : এড্. নাসরিন বেগম


