
দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ ঐতিহ্যবাহী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২৬-২৭ মেয়াদের এই নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) সদস্য পদের মাত্র একটি আসনে জয়লাভ করেছে।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নীল প্যানেলের হেভিওয়েট প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে গৌরবজনক বিজয় অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট।
একইভাবে সাধারণ সম্পাদক পদেও নীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
একক নজরে বিজয়ী তালিকা ও প্যানেল পরিচিতি
১৩ ও ১৪ মে তারিখ দুই দিন ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় তিনটি প্যানেলের মধ্যে।
নীল প্যানেল থেকে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মোঃ শাহজাহান।
কোষাধ্যক্ষ- মো. জিয়াউর রহমান।
সহ সম্পাদক – মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য – এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মোঃ কবির হোসেন, মোঃ জিয়া উদ্দিন মিয়া ও মোঃ টিপু সুলতান।
অন্যদিকে, সবুজ প্যানেল থেকে একমাত্র বিজয়ী প্রার্থী হিসেবে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জায়গা করে নিয়েছেন আজিম উদ্দিন পাটোয়ারী।
নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট
সুপ্রিম কোর্ট বারের নির্বাচন প্রথাগতভাবে নির্দলীয় বলা হলেও, রাজনৈতিক দলগুলোর প্যানেলই এখানে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। অতীতে প্রতি বছরই এই নির্বাচনে বিএনপিপন্থী ‘নীল প্যানেল’ এবং আওয়ামী লীগপন্থী ‘সাদা প্যানেল’-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেত।
গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের এবারের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ফলে সমিতির ইতিহাসে এই প্রথম সাদা প্যানেল সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল।
আওয়ামী লীগপন্থী আইনজীবীদের অনুপস্থিতিতে এবার ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়। নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেল, জামায়াত-সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি-সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্সের ‘লাল-সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নেন। মোট ১১ হাজার ৯৭ জন নিবন্ধিত ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী।
রিপোর্ট : এড্. নাসরিন বেগম


