
নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। অভিযুক্ত আবদুস সামাদ উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ইমানআলী বাজার সংলগ্ন সামাদের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে সেই চাল বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করা হয় বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সন্দেহ তৈরি হলে তারা সামাদের বাড়িতে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চাল দেখতে পান। এ সময় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানাকে জানানো হয়। তবে স্থানীয়দের অভিযোগ, সকালে প্রশাসনকে অবহিত করা হলেও পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন।
অভিযোগের বিষয়ে আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সামাদের বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে এবং সেগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


